২৪ জুলাই ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

এমপি মুফতি আবুল হাসান

‘সিলেট বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে’

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে সমাবেশ ও গণমিছিল করেছে খেলাফত মজলিস। সমাবেশে জুলাই সনদের বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান দলটির নেতারা।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নগরীতে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

 

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া। বিগত দিনগুলোতে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। উন্নয়নের প্রায় সব সূচকেই সিলেট পিছিয়ে রয়েছে। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সিলেটবাসী আর কোনো বৈষম্য দেখতে চায় না।

 

মুফতি আবুল হাসান বলেন, বর্তমানে সিলেট থেকে দুইজন মন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি এবং ১৯ জন সংসদ সদস্য রয়েছেন। তারা সিলেটের উন্নয়ন ও পিছিয়ে পড়া দূর করতে সমন্বিতভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন।

 

তিনি সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত শেষ করা, ঢাকা-সিলেট রেললাইন আধুনিকায়ন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট চালু এবং সিলেটের গ্যাস স্থানীয় আবাসিক গ্রাহকদের ব্যবহারের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

 

বক্তব্যে তিনি আরও বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা মেনে নেওয়া যায় না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সিলেটের উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

জুলাই অভ্যুত্থানের চেতনা প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের চেতনা বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শিক্ষা দেয়। এই আদর্শ বাস্তবায়ন করতে না পারলে জুলাই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

 

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান।

 

এ ছাড়া সমাবেশে সংগঠনের জেলা ও মহানগর নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

খেলাফত মজলিস, জুলাই গণঅভ্যুত্থান, মুফতি আবুল হাসান, সিলেট, জুলাই সনদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ