২৪ জুলাই ২০২৬

দৈনন্দিন

শাল্লায় স্মার্ট কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ৯:০০ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্মার্ট কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ এবং ‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বাহাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করছেন।

 

জানা গেছে, সারা দেশে ১ কোটি ৬৫ লক্ষ কৃষকদের এই স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে শাল্লা উপজেলায়ও এর কার্যক্রম শুরু হয়েছে। নগদ অর্থ, কৃষকদের ভর্তুকি ও প্রণোদনা প্রদান, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, ন্যায্যমূল্যে সেচ, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয়, আবহাওয়া বার্তা ও বাজারের তথ্য প্রাপ্তি, চাষকৃত ফসলের চিকিৎসা সহ এসব সুযোগ-সুবিধা পাবেন স্মার্ট কৃষক কার্ডধারীরা।

 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের স্মার্ট কার্ড বিতরণের লক্ষ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি বাহাড়া ইউনিয়নের ৪,৫,৬ এই তিনটি ওয়ার্ডের কার্যক্রম শেষ করার কথা বলা হয়েছে। এবং সারাদেশের ন্যায় একদিনে আগামী ২০ আগস্ট এই তিনটি ওয়ার্ডের কৃষক স্মার্ট কার্ডের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি কৃষক এই স্মার্ট কার্ডের আওতায় আসবে বলে জানা গেছে। 

 

উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় জানান, সরকার স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকদের যেসব সুযোগ-সুবিধা প্রদান করবে এতে একজন কৃষক স্বাবলম্বী হতে বিরাট ভূমিকা রাখবে। পুরাতন কার্ডধারী কৃষক ছাড়াও বর্গাচাষি, নতুন কৃষক ও মৎসচাষীরাও এর আওতায় আসবে। 

 

তিনি বলেন, কৃষক স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমে কৃষকদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। তবে এমনও একদিন আসতে পারে এই কার্ড ছাড়া কৃষকেরা সার-বীজ প্রয়োজনীয় কৃষি উপকরণ কিনতে পারবে না। সঠিক তথ্য দিয়ে কৃষক স্মার্ট কার্ড নিবন্ধনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাল্লা, স্মার্ট কৃষক কার্ড, কৃষি বিভাগ, কৃষক নিবন্ধন, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ