গুপ্ত রাজনীতির বিরুদ্ধে শাবিপ্রবিতে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেয়ালে এ প্রচারণামূলক কর্মসূচি চালানো হয়। এতে ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা দেখা যায়।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদল নেতারা জানান, সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে কোনো গোপন রাজনৈতিক কার্যক্রম বা ষড়যন্ত্রমূলক তৎপরতা ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, ক্যাম্পাসে স্বচ্ছ ও প্রকাশ্য ছাত্ররাজনীতি নিশ্চিত করতেই এই প্রতিবাদ।
এ সময় শাখা ছাত্রদলের নেতারা বলেন, “আমরা ক্যাম্পাসে কোনো ধরনের গোপন রাজনীতি সমর্থন করি না। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থেই এই অবস্থান। যারা আড়ালে থেকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সচেতনতা তৈরিই আমাদের লক্ষ্য।”
এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে গুপ্ত রাজনীতিকে ঘিরে ঘটনার প্রেক্ষাপটে তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শাবিপ্রবি, ছাত্রদল, সিলেট, ক্যাম্পাস