২২ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

জগন্নাথপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

ছবিঃ ভূমি অফিসের কর্মকর্তা সেলিম আহমেদ। সিলেট ভয়েস

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, সেখানে সেবা নিতে গেলে পদে পদে অর্থ দিতে হয়, আর ঘুষ না দিলে কাজ না করে হয়রানি করা হয়।

জানা গেছে, অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ওই ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সেলিম আহমেদ। ভুক্তভোগীদের দাবি, তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে ভূমি উন্নয়ন কর, খতিয়ান সংশোধন এবং জমি সংক্রান্ত বিভিন্ন সেবায় অনিয়ম ও ঘুষ বাণিজ্য চলছে।

স্থানীয়দের অভিযোগ, অফিসে দালাল সিন্ডিকেট সক্রিয় রয়েছে। কেউ প্রতিবাদ করলে গালিগালাজ ও হুমকির মুখে পড়তে হয়। এমনকি খতিয়ান সংশোধন ও নামজারির মতো কাজেও মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ অবস্থায় কর্মকর্তা সেলিম আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।  

এক ভুক্তভোগী সেবাপ্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি খতিয়ানের তথ্য জানতে গেলে তার কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরে কয়েকদিন ঘোরাঘুরির পর টাকা দিতে বাধ্য হলেও সঠিক তথ্য পাননি তিনি। সোনাতলা গ্রামের হতদরিদ্র এক মহিলা খাজনা দিলে এলে ১০ হাজার টাকা দাবী করা হয়, পরে ৬৫০০ ছয় হাজার পাচশত টাকায়  মেনেজ করা হয় ভুমি কর্মকর্তা সেলিম আহমেদ কে, তিনি খাজনার রশিদ ১৭ শত টাকার দেন। 

স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, কুশিয়ারা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটা এবং সরকারি জায়গা দখলের ঘটনাতেও সংশ্লিষ্টদের সঙ্গে ভূমি অফিসের যোগসাজশ রয়েছে। এতে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে বলেও দাবি তাদের।

এ বিষয়ে স্থানীয় দলিল লেখক শিহান মিয়া বলেন, ‘ভূমি অফিসে ব্যাপক অনিয়ম চলছে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে।’

অভিযোগের বিষয়ে সেলিম আহমেদ বলেন, ‘ঘুষ নয়, ভূমি উন্নয়ন কর আদায় করা হয়। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।’

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, বিষয়টি সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে। নতুন জেলা প্রশাসক যোগদানের পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর ভূমি অফিস, ঘুষ অভিযোগ, সেলিম আহমেদ, সুনামগঞ্জ ভূমি অফিস, রানীগঞ্জ ইউনিয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ