
সুনামগঞ্জের জগন্নাথপুর কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার পর তা পুনঃস্থাপন না করে গাছের ওপর দিয়ে বিদ্যুতের লাইন টেনে সংযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলামআলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে কালবৈশাখী ঝড়ে জগন্নাথপুর-ঢাকা মহাসড়কের পাশে ওই গ্রামের দুটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এতে এলাকায় একদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পরে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ চালু করতে গিয়ে খুঁটির পরিবর্তে পাশের গাছের ডালের সঙ্গে লাইন টেনে বিদ্যুৎ সরবরাহ দেয় কর্তৃপক্ষ।
এ অবস্থায় বিদ্যুৎ ফিরে পেলেও আতঙ্ক কাটেনি গ্রামবাসীর। তাই আবার ঝড় হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দা রুমেল মিয়া বলেন, ঝড়ে খুঁটি পড়ে যাওয়ার পর বিদ্যুৎ বিভাগ গাছের সঙ্গে লাইন টেনে সংযোগ দিয়েছে। এতে আমরা এখন ঝুঁকির মধ্যে আছি। আবার ঝড় এলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাভেল বলেন, এখানে ক্যাবলযুক্ত লাইন থাকায় সাময়িকভাবে গাছের সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে। এতে ঝুঁকি কম। তবে যেখানে খুঁটি পড়ে গেছে, সেখানে পানি থাকায় তাৎক্ষণিকভাবে নতুন করে স্থাপন করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, খুঁটি স্থাপনের জন্য ক্রেন প্রয়োজন। এ জন্য সিলেট থেকে ক্রেন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চালক না থাকায় গত শনি ও রবিবার ক্রেন আসেনি। আশা করি, দুই-এক দিনের মধ্যে ক্রেন চলে আসবে। এরপরই দ্রুত খুঁটি স্থাপনের কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
জগন্নাথপুর বিদ্যুৎ, গাছের ওপর লাইন, বৈশাখী ঝড়, বিদ্যুৎ ঝুঁকি, সুনামগঞ্জ খবর

