
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় নারীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কের টুকেরগাঁও জোড়া ব্রিজসংলগ্ন ভাঙারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উচ্ছেদের আশঙ্কায় ক্ষোভ জানিয়ে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন বিক্ষুব্ধ নারীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা ট্রেনিং সেন্টারের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনে গেলে বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী।
এ সময় বিক্ষুব্ধ নারীরা মন্ত্রী ভেবে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুলের পায়ে পড়ে নিজেদের দুর্দশার কথা জানান।
বিক্ষোভকারী জানান, দীর্ঘদিন ধরে তারা খাসজমিতে বসতবাড়ি করে বসবাস করছেন। সম্প্রতি তাদের ফসলি জমি ও বসতভিটা উচ্ছেদ করে মহাসড়কের পূর্ব পাশে ট্রাক টার্মিনাল ও মাদ্রাসা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েছেন। রোববার বিকেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমিতে লাল নিশান টানানোর পর উদ্বেগ আরও বেড়ে যায়।
তাৎক্ষণিকভাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিক্ষোভকারীদের কথা শুনে বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রস্তাবনা বাতিল করা হবে বলেও জানান।
এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি দক্ষিণ রণিখাই ইউনিয়নের বর্ণি এলাকায় সরবি খাল থেকে কাটাগাং পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এছাড়া তেলিখাল ইউনিয়নে স্টোন ক্রাশার জোন ও ট্রাক স্ট্যান্ডের জন্য প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
কোম্পানীগঞ্জ বিক্ষোভ, আরিফুল হক চৌধুরী, খাসজমি উচ্ছেদ, সিলেট খবর, নারীদের আন্দোলন

