প্রথম দিনেই দুর্ভোগ, সিলেটে ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন
সিলেট বিভাগে আজ শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষাকে ঘিরে প্রস্তুতির সময় তীব্র বিদ্যুৎ সংকটে ভোগান্তির অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
পরীক্ষার্থীরা বলছে, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঠিকমতো পড়াশোনা ও শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে পারছেন না তারা। বিশেষ করে পরীক্ষার দিন সকালেও বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে অনেককে।
সিলেট নগরের এসএসসি পরীক্ষার্থী রুমানা আক্তার বলেন, আমাদের পরীক্ষার আগে একটু রিভিশন দিতে হয়। কিন্তু সকালে কারেন্ট ছিল না। পরীক্ষার সময় অন্তত বিদ্যুৎটা ঠিকভাবে দিলে ভালো হয়। গত কয়েক দিন ধরে রাত-দিন মিলিয়ে অনেক সময়ই বিদ্যুৎ থাকে না। দিনে ১৩-১৪ ঘণ্টাও কারেন্ট থাকে না। এতে পড়ালেখায় বড় সমস্যা হচ্ছে।
আরেক এসএসসি শিক্ষার্থী মারজান আহমদ বলেন, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু পরীক্ষার দেয়ার সময় ঘন ঘন লোডশেডিং হয়েছে যার কারণে আমাদের গরমে ঘেমে পরীক্ষা দিতে হয়েছে। সরকারকে অনুরোধ থাকবে পরীক্ষার সময়টা যেনো জরুরী উপায়ে বিদ্যুতের ব্যবস্থাটা রাখতে পারেন।
এদিকে শিক্ষার্থীদের অভিভাবকেরাও একই অভিযোগ করেছেন। অভিভাবক শাহজাহান মিয়া বলেন, আমার মেয়ের আজ প্রথম পরীক্ষা ছিল। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। কিন্তু এই লোডশেডিং বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসএসসি পরীক্ষা চলাকালীন অন্তত বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক রাখা উচিত।
তবে পরীক্ষা নিয়ে স্বস্তির কথাও জানিয়েছেন শিক্ষার্থীরা। অনেকেই জানিয়েছেন, প্রথম দিনের প্রশ্ন তুলনামূলক সহজ ছিল। পরীক্ষার্থী লুবনা বেগম বলেন, প্রথম পরীক্ষা হিসেবে অভিজ্ঞতা ভালো ছিল। প্রশ্ন যতটা কঠিন হবে ভেবেছিলাম, ততটা হয়নি। বেশির ভাগ প্রশ্নই কমন এসেছে।
মাধ্যমিক শিক্ষাবোর্ড জানিয়েছে, সিলেট বিভাগে এবার মোট ৮৯ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৬৫০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৯৯৩ জন। বিভাগজুড়ে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২৫টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
এদিকে বরাদ্দ যতটুকু পাওয়া যাচ্ছে সেই হিসেবেই লোডশেডিং করতে হচ্ছে জানিয়ে সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাদাত আলী বলেন, সমস্যাটা শুধু সিলেটের না এটি বৈশ্বিক সমস্যা। সরকার চেষ্টা করছে দ্রুতই এ সমস্যা থেকে উত্তোরণের তবে তার আগে পর্যন্ত জাতীয় গ্রীড থেকে আমাদের ঘন্টায় ঘন্টায় লোড দেয়া হয় এবং সেটিকেই রেশনিং আকারে আমরা সরবরাহ করছি।
তিনি আরও বলেন, সিলেটে সব জায়গায় এই মূহুর্তে বিদ্যুতের উন্নয়ন সম্ভব নয় তাই অনেক জায়গায় আমাদের বাধ্য হয়েই লোডশেডিং করতে হবে।
সিলেট, এসএসসি পরীক্ষা, লোডশেডিং, ভোগান্তি