২০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

এসএসসিতে সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১২,৭৯৮ জন

মিফতা হাসান

প্রকাশঃ ১৯ এপ্রিল, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন

ছবিঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট এবং পরীক্ষার্থী। ফাইল ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেটে পরীক্ষার্থীর সংখ্যা কমছেই। এবছর সিলেট শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ৮৯ হাজার ৪২১ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১২ হাজার ৭৯৮ জন। এর আগের বছর ২০২৪ সালে পরীক্ষার্থী কমেছিল ৬ হাজার ৮৫৪জন। 

 

সারাদেশের ন্যায় আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) সিলেটের চার জেলার ২২৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমদিন সকাল ১০টায় বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেট শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবছর সিলেট বোর্ডের অধীনে ৯৭৩টি প্রতিষ্ঠানের ৮৯ হাজার ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তারমধ্যে ৫৩ হাজার ৮৯১ জন ছাত্রী এবং ৩৫ হাজার ৫৩০ জন ছাত্র।

 

এবার সিলেট জেলায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে। এ জেলায় মোট ৩৫ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৩২১ জন এবং ছাত্রী ২১ হাজার ১০ জন। জেলায় ৩৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৯৪টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

 

মৌলভীবাজার জেলায় মোট পরীক্ষার্থী ১৯ হাজার ৯১৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ১২ হাজার ২৮২ জন। এ জেলায় ১৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এবং কেন্দ্র রয়েছে ৩৭টি।

 

সুনামগঞ্জ জেলায় পরীক্ষার্থী ১৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৫১৫ জন এবং ছাত্রী ১০ হাজার ৮৬৮ জন। এখানে ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৫টি কেন্দ্র রয়েছে।

 

হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৩১ জন। জেলায় ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৯টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

 

এদিকে, এবছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে মানবিক বিভাগে। এ বিভাগে মোট ৫৮ হাজার ৩২ জন পরীক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ২৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

 

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক বিভাগে সিলেটে ২১ হাজার ৫০৯ জন, মৌলভীবাজারে ১২ হাজার ২৫৩ জন, সুনামগঞ্জে ১৩ হাজার ৯৪৭ জন এবং হবিগঞ্জে ১০ হাজার ৩২৩ জন পরীক্ষার্থী রয়েছে।

 

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বলেন, ‘এ বছর সিলেট বোর্ডের অধীনে ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন।’

 

পরীক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মেয়েদের বিদেশে যাওয়ার প্রবণতা কম। পাশাপাশি পারিবারিক নানা কারণেও অনেক ছেলে শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। বিশেষ করে ছেলেদের বিদেশমুখী প্রবণতার কারণে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।’


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এসএসসি পরীক্ষা সিলেট, সিলেট শিক্ষাবোর্ড, পরীক্ষার্থী কমছে, এসএসসি ২০২৬, মাধ্যমিক পরীক্ষা সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ