হাওরে শ্রমিক সংকট নিরসনে সুনামগঞ্জের তিন শুল্ক স্টেশন বন্ধ ঘোষণা
কৃষি
প্রকাশঃ ১৯ এপ্রিল, ২০২৬ ১২:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে হাওরের বোরো ধান কাটায় শ্রমিক সংকট নিরসনে ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তিনটি স্থল শুল্ক স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে যাদুকাটা নদীতে বালু-পাথর উত্তোলনও বন্ধ রাখা হবে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু।
জানা গেছে, উপজেলায় বোরো ধান কাটার মৌসুম শুরু হওয়ায় বিভিন্ন হাওরে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় শনিবার দুপুরে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন বন্ধ এবং উপজেলার বড়ছড়া, চারাগাঁও ও বাগলী স্থল শুল্ক স্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর পরিবহন সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিষয়টি জানাতে দিনব্যাপী পুরো উপজেলায় মাইকিং করা হয়েছে।
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী খসরুল আলম বলেন, ধান কাটার কাজে শ্রমিক সংকট দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রায় ১০ হাজার শ্রমিক ধান কাটার কাজে যুক্ত হবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু জানান, নির্ধারিত সময় পর্যন্ত বড়ছড়া, চারাগাঁও ও বাগলী স্থল শুল্ক স্টেশনে কয়লা ও চুনাপাথর পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি যাদুকাটা নদীতে বালু উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।
সুনামগঞ্জ, হাওর, শ্রমিক সংকট