১৬ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

সিকৃবি ভিসির সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন


ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার (মবিলিটি) আগাথা গমেজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

 

রোববার (১২ এপ্রিল) সিকৃবিতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধি দল বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ে নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি কর্মসূচি ‘উইমেন ইন স্টেম’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে।

 

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি জানান, এ কর্মসূচির আওতায় নারী শিক্ষার্থীরা যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে STEM–বিষয়ক বিষয়ে এক বছর মেয়াদি মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

 

২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য ইতোমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

 

প্রতিটি স্কলারশিপের ন্যূনতম আর্থিক মূল্য প্রায় ৪০ হাজার পাউন্ড। সম্পূর্ণ অর্থায়নের আওতায় থাকবে—টিউশন ফি, থাকা-খাওয়ার ভাতা, যাতায়াত ও ভিসা ব্যয়, স্বাস্থ্যসেবা ফি এবং ইংরেজি ভাষা সহায়তা।

 

এ কর্মসূচির লক্ষ্য বিজ্ঞান ও উদ্ভাবনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং STEM খাতে লিঙ্গ-সমতা ও বৈচিত্র্য নিশ্চিত করা।

 

নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গবেষণা ও বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাবেন। তারা যুক্তরাজ্যের বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্কেও যুক্ত হতে পারবেন।

 

মতবিনিময় অনুষ্ঠানে সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনেশন সার্ভিসেস ম্যানেজার মো. হুমায়ূন কবির মেহেদিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি, ব্রিটিশ কাউন্সিল, সৌজন্য সাক্ষাৎ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ