১৬ এপ্রিল ২০২৬

ব্যবসা-বাণিজ্য / অর্থনীতি

শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের মালিক কারা, সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী ছবি। সংগৃহীত

ব্যাংক খাতের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম জাতীয় সংসদে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ এবং কারা মালিক, সে বিষয়ে সরকারিভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

 

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উপস্থাপিত হয়।

 

অর্থমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থিতিভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। সংসদ সদস্য এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এ ছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা ঋণকে খেলাপি হিসেবে দেখানো হয়নি।

 

লিখিত প্রশ্নে আবুল হাসনাত জানতে চান, দেশে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ কত, শীর্ষ ২০ খেলাপি কারা, খেলাপি ঋণ আদায়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে এবং সংসদ সদস্যদের ঋণ ও খেলাপি ঋণের পরিমাণ কত।

 

২০ খেলাপির ১১টিই এস আলম গ্রুপের

 

সংসদে দেওয়া তালিকা অনুযায়ী শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি চট্টগ্রামের এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। গ্রুপটির কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম (এস আলম)। গত আওয়ামী লীগ সরকারের সময়ে ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে, ব্যাংকগুলো থেকে দুই লাখ কোটি টাকার বেশি অর্থ উত্তোলন করা হয়েছে।

 

তালিকার শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানই এস আলম গ্রুপের। এগুলো হলো এস আলম সুপার এডিবল অয়েল লি., এস আলম ভেজিটেবল অয়েল লি., এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লি., এস আলম কোল্ড রোলেড স্ট্রিলস লি. এবং সোনালী ট্রেডার্স।

 

এ ছাড়া তালিকার ৭ থেকে ১০ এবং ১৬ ও ১৭ নম্বরে থাকা প্রতিষ্ঠানগুলোও এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। এগুলো হলো গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি., চেমন ইস্পাত লি., এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লি. এবং ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লি.। ইনফিনিটি গ্রুপের মালিক এস আলমের ছেলে আহসানুল আলম। শেখ হাসিনার পতনের আগপর্যন্ত তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

 

তালিকায় ১৬ ও ১৭ নম্বরে থাকা প্রতিষ্ঠান দুটি হলো কর্ণফুলি ফুডস (প্রা.) লি. এবং মুরাদ এন্টারপ্রাইজ।

 

সালমান এফ রহমানসহ আরও কয়েকজন প্রভাবশালীর নাম

 

তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের মালিকানা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের হাতে। একইভাবে ১৯ নম্বরে থাকা বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডও (আকাশ ডিটিএইচ) তাঁর মালিকানাধীন। তিনি গ্রুপটির ভাইস চেয়ারম্যান এবং তাঁর বড় ভাই সোহেল এফ রহমান চেয়ারম্যান।

 

তালিকায় ১১ নম্বরে থাকা কেয়া কসমেটিকস লিমিটেডের মালিক আবদুল খালেক পাঠান। ১২ নম্বরে দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের মালিক গোলাম মোস্তফা।

 

সিকদার গ্রুপ, মোর্শেদ খানসহ অন্যরা

 

তালিকায় ১৩ ও ১৪ নম্বরে রয়েছে সিকদার গ্রুপের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান—পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লি. এবং পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লি.। প্রয়াত জয়নুল হক সিকদারের দুই ছেলে রন হক সিকদার ও রিক হক সিকদার প্রতিষ্ঠান দুটির মালিকানায় রয়েছেন।

 

১৫ নম্বরে রয়েছে বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের মালিকানাধীন প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল)।

 

এরপর তালিকায় রয়েছে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের মালিকানাধীন সিএলসি পাওয়ার কোম্পানি। এ ছাড়া রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেডের কর্ণধার রফিকুল ইসলামও তালিকায় রয়েছেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং রংধনু গ্রুপের স্বত্বাধিকারী।

 

কোথা থেকে বেশি ঋণ

 

তালিকার বড় অংশের ঋণ রয়েছে ইসলামী ব্যাংক ও একীভূত পাঁচ ব্যাংকে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত জনতা ও অগ্রণী ব্যাংক, বেসরকারি ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, পূবালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকেও এসব প্রতিষ্ঠানের বড় অঙ্কের ঋণ রয়েছে।

 

উচ্চ খেলাপি ঋণ ও অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় পাঁচ ব্যাংককে একত্র করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

সূত্র: প্রথম আলো 


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

ঋণ খেলাপি, তালিকা প্রকাশ, জাতীয় সংসদ, অর্থমন্ত্রী, হাসনাত আব্দুল্লাহ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ