২৭ জুলাই ২০২৬

ব্যবসা-বাণিজ্য / বাজারদর

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন


দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি স্বর্ণ) দাম বাড়ায় সব ধরনের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে এখন খরচ হবে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।


সোমবার (২৭ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বাজুস। সংস্থাটি জানায়, নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।


বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে নির্ধারিত হবে।


সংস্থাটি আরও জানায়, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।


এর আগে গত ২৪ জুলাই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তিন দিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও দাম বাড়ানো হলো।


চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৬ বার দাম বাড়ানো হয়েছে, ৪৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

স্বর্ণের দাম, স্বর্ণের নতুন দাম, বাজুস, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, ২২ ক্যারেট স্বর্ণ, গোল্ড প্রাইস বাংলাদেশ, আজকের স্বর্ণের দাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ