০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

শাল্লায় মোটরসাইকেল চুরির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ মার্চ, ২০২৬ ৫:০০ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মোটরসাইকেল চুরির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা মোটরসাইকেল শ্রমিক সমিতি। রোববার (১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

শাল্লা উপজেলা মোটরসাইকেল সমিতির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা সেকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সমিতির সদস্যরা বক্তব্য দেন।

বক্তাদের অভিযোগ, উপজেলার মন্নানপুর গ্রামের মডান মিয়ার ছেলে ফয়সাল মিয়া মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। তারা দাবি করেন, ফয়সাল মোটরসাইকেল চুরি করে পরে অর্থের বিনিময়ে তা ছাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেন এবং এভাবে তিনি ‘সিরিজ চোরে’ পরিণত হয়েছেন।

সমিতির সদস্য লিজন দাসের একটি মোটরসাইকেল চুরির ঘটনার উল্লেখ করে বক্তারা জানান, ফয়সাল মিয়া ভুক্তভোগীর কাছ থেকে ২০ হাজার টাকা নিলেও মোটরসাইকেল ফেরত দেননি। পরে এসআই সঞ্চয় সরকারের মাধ্যমে ওই টাকা ফেরত দেওয়া হলেও মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি তাদের।

এ বিষয়ে এসআই সঞ্চয় সরকার বলেন, ‘বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি, তবে লিখিত অভিযোগ পাইনি।’

এদিকে মোটরসাইকেল চুরির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের অনুলিপি শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও দেওয়া হয়েছে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শাল্লা, মোটরসাইকেল চুরি, মানববন্ধন, লিখিত অভিযোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ