০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সুনামগঞ্জে যুবশক্তির সংগঠক ইমনদ্দোজার উপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন


সুনামগঞ্জে জাতীয় যুবশক্তি-র কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জের সাবেক আহবায়ক ‘জুলাইযোদ্ধা’ ইমনদ্দোজা আহমেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কাজির পয়েন্ট এলাকায় এ হামলা হয়। পরে তাকে সুনামগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

রাত ১২টা ৪৫ মিনিটে ইমনদ্দোজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে তার এক সহযোগী জানান, স্ট্যাম্প ও বাঁশ দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে ইমনদ্দোজার বাম হাত ভেঙে গেছে এবং মাথা ও পিঠে গুরুতর আঘাত রয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, হামলার খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনকারী দুই পক্ষের অন্তর্কোন্দল থেকে এ হামলার ঘটনা ঘটেছে। এক পক্ষের কয়েকজন মিলে ইমনদ্দোজার ওপর হামলা চালায়।

ওসি আরও জানান, এ ঘটনায় ইমনদ্দোজা রাতেই থানায় কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, এটি তার বন্ধুবান্ধবের মধ্যকার অভ্যন্তরীণ বিষয়, এর সঙ্গে রাজনৈতিক বা নির্বাচনকেন্দ্রিক কোনো সংশ্লিষ্টতা নেই। হামলায় জড়িতদের মধ্যে কেউ কেউ ছাত্রদল ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত। তবে ঘটনাটি ব্যক্তিগত বিরোধের জের।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, বৈষম্যবিরোধী, ইমনদ্দোজা, যুবশক্তি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ