০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সুনামগঞ্জে নির্বাচনের জন্য লাগানো সিসি ক্যামেরাসহ ল্যাপটপ-রাউটার চুরি

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন


সুনামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য লাগানো সিসি ক্যামেরাসহ ইলেকট্রনিকস ডিভাইস চুরির ঘটনা ঘটেছে। 

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়।  রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে স্কুল খোলার পর দেখা যায় চুরেরা সিসিসহ সকল জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে।  

সুনামগঞ্জ-৪ (সদর- বিশ্বম্ভরপুর) আসনের একটি ভোটকেন্দ্র এটি। নির্বাচনের জন্য সরকারিভাবে স্থাপিত ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার সরঞ্জামসহ বিদ্যালয়ের বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস চুরি হয়েছে।

জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত বুধবার ওই বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। রোববার সকালে পৌনে ৯টার দিকে বিদ্যালয়ের শিক্ষকরা এসে মূল ফটকের তালা ভাঙা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশসহ শিক্ষকরা ভেতরে প্রবেশ করে দেখতে পান অফিস কক্ষের তালাও ভাঙা। টেবিলের ওপর সিসি ক্যামেরার ভাঙা যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একটি শ্রেণিকক্ষের তালাও ভাঙা ছিল।

চোরেরা সিসি ক্যামেরার বক্স, একটি ল্যাপটপ, রাউটার, তিনটি সাউন্ড বক্স, গ্যাসের চুলা ও সিলিন্ডার, ইলেকট্রনিকস চুলা, একটি ফাইল কেবিনেট এবং বিদ্যালয়ের স্কাউটদের ২৪টি পোশাক নিয়ে গেছে বলে জানা গেছে।

শিক্ষার্থী অভিভাবক রাসেল আহমদ জানান, শহরের এই বিদ্যালয়ে বছরে চার-পাঁচবার চুরি হলেও চোর ধরা পড়ে না। এটি খুবই দুঃখজনক। শহরের চোরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী জানান, বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। রোববার সকালে এসে ভবনের মূল গেটের তালা ভাঙা দেখি। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। চোরেরা সিসি ক্যামেরার যন্ত্রাংশ, একটি ল্যাপটপসহ আরও কিছু মালামাল নিয়ে গেছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আকরাম উদ্দিন জানান, গত বছর অন্তত চারবার এই বিদ্যালয়ে চুরি হয়েছে। এবার আবারও চুরি হলো। আমাদের বিদ্যালয়ে পদ থাকলেও নাইটগার্ড নেই। এ কারণেই বছরে একাধিকবার চুরির ঘটনা ঘটে। শতবর্ষী এই প্রাচীন বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়মিত মামলা করার জন্য থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জাতীয় সংসদ নির্বাচন, চুরি, সিসি ক্যামেরা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ