০৮ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

বিপিএলের নিরাপত্তায় কমছে পুলিশ, বাড়ানো হচ্ছে আনসার সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ জানুয়ারী, ২০২৬ ৯:১১ অপরাহ্ন

ছবিঃ চলমান বিপিএলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। ছবি: সিলেট ভয়েস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্যকে ফিরিয়ে নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে নিরাপত্তার দায়িত্বে বাড়ানো হয়েছে আনসার সদস্যের সংখ্যা। 

 

বিসিবি বলছে, নির্বাচনের সময় ব্যস্ততা থাকায় বিপিএলের নিরাপত্তায় থাকা পুলিশের সংখ্যা কমিয়ে নিতে চিঠি দিয়েছে এসএমপি। তারই আলোকে আজ পুলিশ সদস্যের সংখ্যা কমে গেছে। 

 

তবে, পুলিশ বলছে-বিপিএলের সার্বিক নিরাপত্তা পুলিশের কাছেই থাকছে। কিছু সংখ্যক পুলিশ সদস্য কমিয়ে আনসার বা অন্যদের দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এতে পুলিশ ‘অপারগতা’-বিষয়টি এমন নয়। 

 

জানা গেছে, বিপিএলের নিরাপত্তায় থাকা কিছু সংখ্যক পুলিশ সদস্য প্রত্যাহার করে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি দিয়েছে এসএমপি। রোববার (০৪ জানুয়ারি) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীকে চিঠি দেওয়া হয়। মূলত জাতীয় নির্বাচন উপলক্ষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করা হবে বলে জানায় এসএমপি। 


বিসিবির নিরাপত্তার দায়িত্বে থাকা ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি বলেন, নির্বাচন থাকায় পুলিশের ব্যস্ততা থাকায় পুলিশ কমানোর কথা বলা হয়েছে। তবে বিপিএলে একেবারে পুলিশ থাকছে না এমন না। নিরাপত্তার বিষয়টা অন্যবাহিনী পূরণ করবে। নিরাপত্তা ব্যবস্থা একই থাকবে, পুলিশের জায়গায় অন্য বাহিনী কাজ করবে। পুলিশও থাকবে। 

 

বিসিবি পরিচালক রাহাত শামস বলেন, নিরাপত্তা কোনোভাবেই কমছে না। এসএমপি বলছে তাদের নরমাল ফোর্সকে দিতে পারছে না। আজ থেকে সেভাবে চলছে, পরিবর্তন হয়েছে। তিনি বলেন, এখানে কত সংখ্যক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সেটা বিষয় না। আমাদের যতটুকু নিরাপত্তা দরকার ততোটুকুই আছে। বরং আরও বাড়ছে।   

 

সিলেট মেট্রোপলিট্রন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে পুলিশ খুব ব্যস্ত সময় পার করছে। এই অবস্থায় বিপিএলে কিছু পুলিশ কমিয়ে আনসার বা অন্যদের দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে পুলিশ ‘অপারগতা’-বিষয়টি এমন নয়। বিপিএলের সার্বিক নিরাপত্তা পুলিশের কাছেই থাকছে।’


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিপিএল, সিলেট, নিরাপত্তা, পুলিশ, আনসার, সিলেট ক্রিকেট স্টেডিয়াম, বিসিবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ