০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সংবাদমাধ্যমের পাশে অন্তর্বর্তী সরকার, দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা

বাসস

প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ ৪:০০ অপরাহ্ন

ছবিঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের কয়েককজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত নব ধরনের সহিংসতার বিরুদ্ধে দেশের সব নাগরিককে দৃঢ়ভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে।


শুক্রবার (১৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টি করে শান্তির পথ থেকে সরে যেতে চাওয়া অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা ব্যাহত হতে দেওয়া হবে না।


বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, বরং এটি একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে যুক্ত শহীদ শরিফ ওসমান হাদির স্বপ্ন ও আত্মত্যাগের সঙ্গে। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা প্রত্যাখ্যানের মানসিকতা অপরিহার্য।


সংবাদমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গে সরকার জানায়, দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ–এর সাংবাদিকদের পাশে রয়েছে অন্তর্বর্তী সরকার। সাংবাদিকদের ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। এ ধরনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।


এ ছাড়া ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সরকার বলেছে, নতুন বাংলাদেশে সাম্প্রদায়িক ও নৃশংস সহিংসতার কোনো স্থান নেই। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।


বিবৃতির শেষাংশে দেশের সংকটময় এই সময়ে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে সরকার বলেছে, সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমেই শহীদ শরিফ ওসমান হাদির প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

অন্তর্বর্তী সরকার, নব ধরনের সহিংসতা, শরিফ ওসমান হাদি, সাংবাদিক নির্যাতন, বাংলাদেশ রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ