১৩ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

স্ত্রীর সঙ্গে ঝগড়া, সিলেটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ ৭:২১ অপরাহ্ন


সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম তোফায়েল আহমদ (৪৬)। তিনি পশ্চিম পীর মহল্লা ২৫/৩ এলাকার বাসা নম্বর ৮৭/১–এর বাসিন্দা এবং আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তোফায়েল আহমদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা ভাড়া বাসায় বসবাস করতেন। সোমবার রাতে স্বামী–স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। একপর্যায়ে দুজনেই আলাদা কক্ষে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তোফায়েল আহমদকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। তারা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পাশাপাশি ঘটনাস্থলও পরিদর্শন করা হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির বলেন, স্বামী–স্ত্রীর ঝগড়ার জেরে দুজনেই আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, এয়ারপোর্ট রোড, মৃত্যু, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ