০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বেড়া লাগানোকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শামীম মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের আঙ্গুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে বেড়া দিচ্ছিলেন শামীম মিয়া। এ সময় একই এলাকার মৃত এবায়ত উল্লার ছেলে রবিউল মিয়া অটোরিকশা নিয়ে সেখানে দিয়ে যাওয়ার সময় বেড়ার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে শামীম ও রবিউলের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর রবিউল ও তার ভাই রাহিম মিয়া এসে শামীমের ওপর সুলফি (লোহার রড) দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন, পথেই রানীগঞ্জ ব্রিজ এলাকায় তিনি মারা যান।

গোতগাঁও গ্রামের ইউপি সদস্য মজুমদার আলী বলেন, ‘শামীম বাড়ির বেড়া দিচ্ছিলেন। রবিউল অটোরিকশা নিয়ে বেড়ার উপর দিয়ে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল সুলফি দিয়ে আঘাত করে।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইন্তিয়াজ শামীম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, খুন, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ