১৩ জুন ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

যুক্তরাজ্য বিএনপির সভাপতি-সম্পাদক দু’জনেই পেলেন বিএনপির মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। 

 

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

 

একইসময়ে সিলেট বিভাগের আরো ১৪টি আসনের প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। বিভাগের ১৯টি আসনের মধ্যে ৫টিতে কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

 

দলীয় ঘোষণা অনুযায়ী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক পেয়েছন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ পেয়েছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসন। 

 

এদিকে, চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আগে থেকেই দলের ‘গ্রিন সিগনাল’ পেয়ে নির্বাচনী  মাঠে ওই দুই নেতাকে প্রচারণায় দেখা গেছে। 


দলীয় মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এম এ মালিক সিলেট ভয়েসকে বলেন, ‘দল এবার ত্যাগী প্রার্থীদেরকে মূল্যায়ন করেছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে একসাথে কাজ করতে হবে। কারণ বিএনপি একটি সুশৃঙ্খল দল। আমি আশা করি, অতীতের মতো এবারও সেই শৃঙ্খলা বজায় রেখে সবাই দলের প্রার্থীকে বিজয়ী করবে।’
 
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি এলাকার উন্নয়নে কাজ করেছি। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছি, তাদের সমস্যার সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করেছি। সেই হিসেবে দল আমাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে।’


কয়ছর এম আহমদ জানান, ‘সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের হাইকমান্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। বহু বছর পর বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হলো। এখন শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয়ের জন্য আমরা মাঠে কাজ করব।’


তিনি বলেন, ‘অনেক যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু মনোনয়ন একবারে একজনকেই দেওয়া সম্ভব। তাই সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আশা করছি বিপুল ভোটে জয়লাভ করে সুনামগঞ্জ-৩ আসনটি আমাদের নেত্রী মা খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারব।’


এদিকে প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক হয়।


প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

যুক্তরাজ্য বিএনপি, এম এ মালিক, কয়ছর এম আহমদ, সিলেট-৩ আসন, সুনামগঞ্জ-৩ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ