০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

আদালতে সাংবাদিকের উপর সাদাপাথর লুট মামলার আসামী আলফুর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২৫ ২:৫৪ অপরাহ্ন


সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটপাট মামলার অন্যতম আসামি ও আওয়ামী লীগ নেতা আলফু মিয়া এবং তার পুত্র আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে রিমাণ্ড শুনানি শেষে  এ হামলার ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন সাংবাদিক নয়ন সরকার। তিনি সিলেটের ইমজা নিউজের কর্মরত রয়েছেন। এসময় নয়নকে বাচাতে অন্য সাংবাদিকরা এগিয়ে এলে তাদের উপরও হামলার চেষ্টা করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রিমান্ড শুনানি শেষে নিচে নামানো সময় আলফু মিয়া পুলিশের সামনেই সাংবাদিক নয়নের উপর ঝাপিয়ে পড়েন। এসময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একই সময়ে আলফুর ছেলে সাংবাদিকদের হাতে থাকা ক্যামেরা কেড়ে নেন। পরে নয়নের সহকর্মীরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়। 

সাংবাদিক নয়ন সরকার বলেন, ‘আমি খবর সংগ্রহ করছিলাম। হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার উপর হামলা করে। এরপর পুলিশের সামনেই হাতকড়া পরা অবস্থায় আলফু নিজেই আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।‘

সিনিয়র সাংবাদিক ও আইনজীবী ময়নুল হক বুলবুল বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘৩টি হত্যা মামলাসহ বহু মামলার আসামী সাদাপাথর লুটের অন্যতম হোতাকে কোর্টে এভাবে হাতকড়া ছাড়া কীভাবে আনা হলো? আইন অনুযায়ী, এমন আসামীকে অবশ্যই ডান্ডাবেরি অবস্থায় কোর্টে আনা হয়। আলফু চেয়ারম্যানের ক্ষেত্রে কেন এটি করা হয়নি, তা আমাদের জন্য বিস্ময়ের বিষয়।‘ 

তিনি আরও বলেন, ‘দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি সংবাদ সংগ্রহের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। পুলিশি দায়িত্ব পালনে এ ধরনের শৃঙ্খলাভঙ্গ গ্রহণযোগ্য নয়।‘ 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম বলেন, সাংবাদিকের উপর হামলার উপর ঘটনা দ্রুত পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, কোম্পানীগঞ্জ, সাদা পাথর, আদালত, হামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ