এসএসসি-২০২৬: সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৬৭৪ পরীক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সহাবস্থানমূলক রাজনীতি, দ্রুত শাকসু (শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) বাস্তবায়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা।
বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সেক্রেটারি মাসুদ রানা তুহিন এসব দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, গবেষণার সুযোগ, প্রশাসনিক স্বচ্ছতা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন সংকটসহ বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি হলো শিক্ষার্থীরা। কিন্তু সাম্প্রতিক সময়ে বহিষ্কার ইস্যুতে উত্তেজনা ও অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে, যা শিক্ষাবান্ধব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।”
সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, গবেষণার বাজেট বৃদ্ধি, সুস্থ রাজনীতি, ছাত্রীদের নিরাপত্তা, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সুযোগ, প্রশাসনের জবাবদিহিতা, এবং শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানায়।
বহিষ্কার প্রসঙ্গে বলা হয়, “জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে কিছু শিক্ষার্থীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমরা চাই, আপিল কমিটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরাপরাধদের মুক্তি দিক, আর অপরাধীরা যেন ছাড় না পায়।”
সংবাদ সম্মেলনে ক্যাম্পাসে সহাবস্থানমূলক রাজনীতি প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেওয়া হয়। বলা হয়, “রাজনীতি এমন হতে হবে, যাতে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি বা হল দখলের সংস্কৃতি আর না ফিরে আসে।”
শিক্ষার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে শিবিরের দাবি, “বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, এতে নারী শিক্ষার্থীরাই বেশি ভুক্তভোগী। প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এ ছাড়া সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম রোধে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানায়। তারা বলেন, “ইউনিভার্সিটি সেন্টার ভবন দুর্নীতির এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।”
সংবাদ সম্মেলনে ছাত্রশিবির জানায়, তারা আগেও ৫২ দফা প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছিল, যার কিছু বাস্তবায়ন হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে আরও কিছু দিক বাস্তবায়নের দাবি জানানো হয়।
সংগঠনটি শেষে জানায়, তাদের লক্ষ্য কাউকে বাদ দেওয়া নয়, বরং সকল ছাত্রসংগঠনকে সঙ্গে নিয়ে সহাবস্থানমূলক, মানবিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।
এসময় উপস্থিত ছিলেন, শাবিপ্রবি ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মুহসিনুর রহমান, অর্থ সম্পাদক অমিত আশরাফ তিহাম এবং এইচআরডি শাকিল মাহমুদ।
সিলেট, শাবিপ্রবি, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ছাত্র শিবির