২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

সিলেটে ফুটপাত দখল ও ব্যাটারি রিকশা বন্ধে রাজপথে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩৭ অপরাহ্ন


সিলেট নগরে ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও ফুটপাত থেকে হকার উচ্ছেদের দাবিতে নগরবাসীকে নিয়ে রাজপথে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। 


রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি কোর্ট পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে উপস্থিত হন। অল্প সময়েই সেখানে জড়ো হয় শত শত মানুষ। তাদের হাতে ছিল ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিসংবলিত প্ল্যাকার্ড।


আরিফুল হক চৌধুরী বলেন, “পুলিশ কমিশনার যোগদানের পর ঘোষণা দিয়েছেন সিলেটে কোনো অবৈধ যান চলবে না, ফুটপাত হকারদের দখলমুক্ত হবে নগরী। জেলা প্রশাসকও এ ব্যাপারে আন্তরিক। আমরা নগরবাসী দলমত নির্বিশেষে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করবো। ব্যাটারি চালিত রিকশার কারণে যানজট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, আর হকারদের কারণে ফুটপাতে হাঁটার জায়গা নেই—এ অবস্থা বন্ধ করতেই হবে।”


তিনি জানান, লালদিঘীর পাড়ের কাজ দ্রুত শেষ হচ্ছে এবং হকারদের সেখানে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। 


“সকালে হকার উচ্ছেদ করলে বিকেলে যেন আবার না আসে—এখনই সেই সিন্ডিকেট ভাঙতে হবে,” বলেন তিনি।


শনিবার (২৭ সেপ্টেম্বর) চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় হকার উচ্ছেদ অভিযানে অংশ নিয়েও একই ঘোষণা দেন আরিফুল হক।


রোববারের কর্মসূচিতে তিনি আরও বলেন, “যারা সরকারি গাড়ি, প্রাইভেট গাড়ি বা সিএনজি ভেঙেছে এবং যারা তাদের সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দুর্গাপূজার সময় আমরা কোনো সভা-সমাবেশ করবো না, যাতে ধর্মীয় উৎসবে ব্যাঘাত না ঘটে। যারা এ সুযোগে গোলযোগ করতে চাইবে, তারা সুযোগসন্ধানী ছাড়া কিছু নয়।”


আরিফুল হক আহ্বান জানান, নগর রক্ষায় প্রতিটি পাড়া-মহল্লায় মুরব্বী ও তরুণদের নিয়ে কমিটি গঠন করতে। 


পরে কোর্ট পয়েন্ট থেকে গণপদযাত্রা বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ব্যাটারি চালিত রিকশা, নগরবাসী, আরিফুল হক চৌধুরী, পদযাত্রা,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ