জগন্নাথপুরে বন্যার শঙ্কা, দ্রুত ধান কাটার আহ্বান পাউবোর
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। উজানে ভারতের চেরাপুঞ্জি এলাকায় ভারি বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে জেলার নদনদীর পানি বাড়ছে। এ অবস্থায় পাকা ধান দ্রুত কেটে ফেলার আহ্বান করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ বলেন, জমিতে ৭০ শতাংশ ধান পেকে গেলে তা আর জমিতে রাখা নিরাপদ নয়। উজানের ঢল নামলে হঠাৎ পানি বেড়ে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।
পাউবো সূত্রে জানা গেছে, চৈত্র মাসের শুরু থেকেই সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টিতে জগন্নাথপুরের বিভিন্ন হাওড়ে ইতোমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উজানে আরও বৃষ্টি হলে সুরমা ও কুশিয়ারাসহ অন্যান্য নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে যে কোনো সময় হাওর এলাকায় অকাল বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে অনেক হাওরে এখনও পানি থাকায় কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটতে সমস্যায় পড়ছেন কৃষকরা। একইসঙ্গে শ্রমিক সংকট থাকায় পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করেছে বলে জানিয়েছেন তারা।
স্থানীয় কৃষকেরা জানান, আগে দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা ধান কাটতে আসলেও বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি থাকায় এখন সেই সংখ্যা কমে গেছে। আবার যন্ত্রের ব্যবহার বাড়ায় স্থানীয় শ্রমিকরাও আগের মতো মাঠে কাজ করছেন না।
ধনু নদে পানি বাড়তে থাকায় হাওড়ের বোরো ধান নিয়ে শঙ্কা বাড়ছে। কৃষকেরা আশঙ্কা করছেন, পানি বাড়তে থাকলে ২০২২ সালের মতো অকাল বন্যায় ফসলহানির আশঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, জগন্নাথপুরে মোট আবাদযোগ্য জমি ২০ হাজার ৪২৩ হেক্টর, যার মধ্যে হাওরাঞ্চল ১৪ হাজার ৪১৫ হেক্টর। এসব জমির বোরো ফসলের ওপর নির্ভর করে কৃষকদের সারা বছরের জীবিকা। প্রায় ৪২ হাজার হেক্টর জমির ফসল রক্ষায় পাউবো ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩১ কোটি টাকার বাঁধ নির্মাণ করা হয়েছে। উৎপাদিত ফসলের বাজারমূল্য প্রায় ৭০০ কোটি টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাউছার আহমেদ জানান, ইতোমধ্যে হাওড়ে ৩৮ শতাংশ এবং নন-হাওর এলাকায় ৯ শতাংশ ধান কাটা হয়েছে। দ্রুত ধান কাটার কাজ জোরদার করতে কৃষকদের আগাম জাতের ধান চাষে উৎসাহিত করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমেছে এবং নদনদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে হাওরের পাকা ধান দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।
জগন্নাথপুর, বন্যার শঙ্কা, দ্রুত ধান কাটার আহ্বান, পাউবো, সুনামগঞ্জ