২৬ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক নব দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ মিয়া (১৯) ও তার স্ত্রী মনিকা বেগম (১৮)। পাঁচ মাসে আগে তাদের বিয়ে হয়েছিল। 

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে পরিবারের জন্য খাবার প্রস্তুতের পর ঘরে তাদেরকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিকা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মনিকার স্বামী মাহফুজ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। 

 

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয় এবং অপরজনকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

এদিকে এ ঘটনায় এলাকায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিগত বা পারিবারিক যেকোনো সংকটে সহায়তা নেওয়া জরুরি এবং এমন পরিস্থিতি প্রতিরোধে সামাজিক সচেতনতা প্রয়োজন।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সিলেটের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আমানত উল্লাহ বলেন, মানসিক চাপ, হতাশা বা সংকটে থাকলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, বিশ্বস্ত ব্যক্তি বা মানসিক স্বাস্থ্যসেবাদাতার সঙ্গে যোগাযোগ করা উচিত। একই সঙ্গে প্রতিটি জেলা হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের চিকিৎসকেদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। কথা বলা ও সহায়তা নেওয়া অনেক সময় সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সাইকোলজিস্ট ফজিলাতুন নেসা বলেন, সংসার বা দাম্পত্য জীবনে সংকট থাকবে। কিন্তু এরকম হতাশা বা সংকটে ভুগলে প্রত্যেকের উচিত খোলামেলা কথা বলা। এখন প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা মানসিক স্বাস্থ্য নিয়ে ভালো সেবা দিচ্ছেন। সংকট নিয়ে যারা চিকিৎসকের কাছে যাচ্ছে তাদের মধ্যে অধিকাংশই সুখী জীবন-যাপন করছে। এজন্য সংকটে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা খুবই জরুরি। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

নব দম্পতি, অস্বাভাবিক মৃত্যু, মানসিক স্বাস্থ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ