২০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

‘নিরাপদ খাদ্য ও তরুণ উদ্যোক্তা হবে কৃষি বিপ্লবের চালিকা শক্তি’: সিকৃবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১৪ অপরাহ্ন


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। শুধু খাদ্যের প্রাচুর্য নয়, আমাদের আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, চাকরির পেছনে ছুটবেন না, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি করুন। উদ্ভাবনী শক্তি, জ্ঞান ও পরিশ্রমই পারে বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে।

সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজনের পাশাপাশি সিকৃবি সহযোদ্ধা হিসেবে অংশ নেয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি উপাচার্য ড. আলিমুল ইসলাম।

সেমিনারে বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. মোঃ লুৎফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ।

সেমিনারে বিএআরসি’র কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুস সালাম ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দেশের বিভিন্ন স্থান থেকে ৮ জন সফল তরুণ কৃষি উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী বলেন, ধৈর্য ও পরিশ্রমে কৃষিক্ষেত্রেও সাফল্য নিশ্চিত। যুগ্ম সচিব ড. মোঃ লুৎফুর রহমান বলেন, কৃষি পেশা শুধু জমি চাষ নয়, এটি মর্যাদাপূর্ণ পেশা; উদ্যোক্তা হলে নতুন ক্যারিয়ার ও উন্নয়নের পথ খোলা থাকে।

সেমিনারে বক্তারা জানান, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ধান, গম, আলু, তৈলবীজ, ডাল ও সবজির উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডিজিটাল কৃষি, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক তথ্যব্যবস্থা কৃষি খাতকে আরও উৎপাদনশীল ও টেকসই করছে।

সেমিনারে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী, তরুণ কৃষি উদ্যোক্তা, শিক্ষক, গবেষক, সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ প্রায় ৬০০ জন অংশগ্রহণ করেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিকৃবি, তারুণ্যের উৎসব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ