০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

লুট হওয়া সাদা পাথর উদ্ধার প্রশাসনের অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৫ ৩:২৬ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে বুধবার সকাল থেকে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব নেওয়ার পরই তিন দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হওয়ায় এবার সরাসরি অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার বিকেলে সাদা পাথর এলাকা ঘুরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিসি সারওয়ার আলম। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে যারা লুট হওয়া পাথর জমা দিয়েছেন, তাদের ধন্যবাদ জানানো হচ্ছে। তবে এখন থেকে যার কাছে পাথর পাওয়া যাবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আল্টিমেটামের মধ্যে প্রায় সাড়ে ৬ লাখ ঘনফুট পাথর স্বেচ্ছায় ফেরত এসেছে। এছাড়া প্রশাসনের উদ্যোগে আরও প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। তাঁর ধারণা, এখনো অন্তত ৩০ শতাংশ পাথর জমা পড়েনি।

এদিকে উদ্ধারকৃত পাথর পুনঃস্থাপনের কাজ চলছে। এখন পর্যন্ত প্রায় ১১ লাখ ঘনফুট পাথর পুনঃস্থাপন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি অংশ শেষ হবে বলে আশা করছে প্রশাসন। এ কাজে প্রতিদিন ৫০০ শ্রমিক, ৪০০ নৌকা আর ৩০০ ট্রাক ব্যবহার হচ্ছে।

ডিসি সারওয়ার আলম বলেন, ‘সবগুলো পাথর পুনঃস্থাপন সম্ভব হলে ভোলাগঞ্জের সৌন্দর্য অনেকটাই ফিরবে। প্রাকৃতিকভাবে যেরকম ছিল, পুরোপুরি তেমন না হলেও আমরা চেষ্টা করছি।’

অভিযানের পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। জেলা প্রশাসকের ভাষ্য, প্রকৃত অপরাধীরা অবশ্যই গ্রেপ্তার হবেন। তবে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকা হচ্ছে।

এদিকে, লুটপাটের ঘটনায় ইতিমধ্যে সিআইডি তদন্ত শুরু করেছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ অনুসন্ধান চলছে। সিআইডির প্রাথমিক তথ্যে প্রায় ৫০ জনের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে।

দুদকের তদন্ত প্রতিবেদনে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীসহ ৫৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। জেলা প্রশাসনের প্রতিবেদনে শতাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। এছাড়া উচ্চ পর্যায়ের আরেকটি তদন্ত কমিটিও কাজ করছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কোম্পানীগঞ্জ, সাদা পাথর, সিলেট, দুদক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ