০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

মৌলভীবাজারে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ১৬ বছর বয়সী ছোট ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে বড় ভাই আব্দুর রহিম রাফি (২৬) কে ঘুমের মধ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। গত ৯ আগস্ট সকালে নিজ ঘর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্র, তথ্য প্রযুক্তি ও স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিহতের ১৬ বছর বয়সী ছোট ভাইকে সন্দেহ করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে সে হত্যা করা স্বীকার করে, যা ঘটেছে গত ৯ আগস্ট ভোরের দিকে। সে জানায়, ৮ আগস্ট রাতে সে বড় ভাইর কাছে ৫০০ টাকা চায়, কিন্তু টাকা না পেয়ে গালাগালি এবং অপমানের শিকার হয়। ক্ষুব্ধ হয়ে পরের দিন ঘুমন্ত অবস্থায় ধারালো দা দিয়ে ঘাড়ে উপর্যুপরি কোপ দিয়ে বড় ভাইকে হত্যা করে। এরপর দা এবং রক্তমাখা লুঙ্গি খাটের নিচে লুকিয়ে রাখে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে অর্থনৈতিক কারণের পাশাপাশি পারিবারিক কলহ ও মনস্তাত্ত্বিক অবস্থা কাজ করেছে। নিহত রাফির পরিবার আগে তার বিয়ে মেনে নিতে পারেনি, যার কারণে পারিবারিক টানাপোড়েন চলছিল। এছাড়া নিহতের বাবা মারা যাওয়ার পর বড় ভাই রাফিই ছিল ছোট ভাইয়ের অভিভাবক। বড় ভাই ছোট ভাইয়ের মাদ্রাসায় পড়াশোনার ওপর জোর দিয়েছিলেন, যা ছোট ভাই মেনে নিতে পারেনি। এসব কারণে তাদের মধ্যে বিবাদ লেগেই ছিল।

গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে। নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, কমলগঞ্জ, হত্যাকাণ্ড, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ