০১ জুন ২০২৬

বিশ্বজুড়ে

সমালোচনার মুখে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের মন্ত্রী রোশনারা আলী

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৫ ১:২১ অপরাহ্ন

ছবিঃ প্রতিনিধি, যুক্তরাজ্য

ভাড়াটিয়াদের উচ্ছেদ ও ভাড়া বাড়ানোর ঘটনার জেরে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের গৃহহীনতা বিষয়ক মন্ত্রী রোশনারা আলী। বৃহস্পতিবার (৭ আগষ্ট) স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগপত্রের একটি কপি শেয়ার করে রোশনারা আলী লেখেন, 'এই লেবার সরকারে কাজ করা আমার জন্য সম্মানের। সরকারের আর কোনো বিঘ্ন এড়াতে আমি মন্ত্রিপদ থেকে পদত্যাগ করেছি।'

মাত্র আট মাসের মধ্যে যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মন্ত্রীর পদত্যাগ হলো। এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছিলেন।

রোশনারা আলী ২০১০ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। গত বছর লন্ডনের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো লেবার পার্টির মনোনয়নে নির্বাচিত হন তিনি। কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারে তিনি গৃহহীনতা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা যায়, লন্ডনের বো এলাকার একটি চার শয়নকক্ষের ফ্ল্যাটের মালিক ছিলেন রোশনারা আলী। গত বছরের নভেম্বরে ফ্ল্যাটটি বিক্রির কথা বলে ভাড়াটিয়াদের সরে যাওয়ার নোটিশ দেন তিনি। ভাড়াটিয়ারা সরে গেলে ফ্ল্যাটটি বিক্রি না করে ভাড়া ৭০০ পাউন্ড বাড়িয়ে মাসিক ৩ হাজার ৩০০ পাউন্ডের পরিবর্তে ৪ হাজার পাউন্ডে নতুন ভাড়াটিয়ার কাছে দেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে রোশনারা আলী ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং বিরোধী দলের কড়া সমালোচনার শিকার হন।

বৃহস্পতিবার বিকেলে শেষ পর্যন্ত মন্ত্রিপদ থেকে সরে দাঁড়ান তিনি। রোশনারা আলীর পৈত্রিক বাড়ি বাংলাদেশের সিলেটে। যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে এমপি নির্বাচিত হওয়ার কৃতিত্বও তাঁর।


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

রোশনারা আলী, পদত্যাগ, যুক্তরাজ্য, গৃহহীনতা বিষয়ক মন্ত্রী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ