রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত
বিশ্বজুড়ে
প্রকাশঃ ৩১ মে, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন
ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান এলাকায় রুশ বাহিনীর বিভিন্ন গ্রুপের অভিযানে প্রায় ১ হাজার ৩২০ জন ইউক্রেনীয় সেনাসদস্য নিহত বা হতাহত হয়েছে। শনিবার (৩০ মে) রুশ বার্তা সংস্থা তাস প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে, গত এক সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে ২ হাজার ৩০০টিরও বেশি ড্রোন হামলা, প্রায় ১ হাজার ৫৬০টি নির্দেশিত গাইডেট বোমা হামলা এবং বিভিন্ন ধরনের ১০৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইউক্রেনিফর্ম।
রুশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘নর্থ’ ব্যাটলগ্রুপের দায়িত্বপূর্ণ এলাকায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ২০০ জন, ‘ওয়েস্ট’ ব্যাটলগ্রুপের অভিযানে ১৮০ জনের বেশি, ‘সাউথ’ ব্যাটলগ্রুপের এলাকায় ৮৫ জনের বেশি, ‘সেন্টার’ ব্যাটলগ্রুপের এলাকায় ৩৪০ জনের বেশি, ‘ইস্ট’ দিকের অভিযানে ৪৫৫ জনের বেশি এবং ‘দনেপ্রো’ ব্যাটলগ্রুপের এলাকায় আরও ৬০ জনের মত সেনাসদস্য হতাহত হয়েছে।
এর পাশাপাশি ২৪ ঘণ্টায় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি নির্দেশিত বিমানবোমা, যুক্তরাষ্ট্রে নির্মিত একটি হাইমার্স মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেমের ক্ষেপণাস্ত্র এবং ৩৫২টি ফিক্সড-উইং ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি গাইডেট অ্যারিয়েল বোম, যুক্তরাষ্ট্রে নির্মিত একটি হাইমার্স মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেমের একটি ক্ষেপণাস্ত্র এবং ৩৫২টি ফিক্সড-উইং মানববিহীন আকাশযান (ইউএভি) ভূপাতিত করেছে।
রাশিয়ার দাবি অনুযায়ী, বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের বাহিনী মোট ৬৭১টি বিমান, ২৮৪টি হেলিকপ্টার, ক৬৮৪টি ড্রোন, ৬৬১টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২৯ হাজার ৫৫০টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধযান, ১ হাজার ৭২৭টি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম, ৩৫ হাজার ১৩৬টি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং ৬২ হাজার ৮৭৪টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে।
এছাড়াও ইউক্রেনের কথিত ‘সন্ত্রাসী হামলার’ জবাবে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি এবং সশস্ত্র বাহিনীর কাজে ব্যবহৃত জ্বালানি, জ্বালানি সরবরাহ ও পরিবহন অবকাঠামোর ওপর সমন্বিত হামলা চালিয়েছে বলেও জানিয়েছে মস্কো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে বেসামরিক স্থাপনার বিরুদ্ধে ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাবে রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী দূরপাল্লার উচ্চ-নির্ভুলতাসম্পন্ন স্থল ও আকাশভিত্তিক অস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে সামরিক বিমানঘাঁটি, জ্বালানি, জ্বালানি সরবরাহ ও পরিবহন অবকাঠামোর ওপর সমন্বিত হামলা চালিয়েছে। হামলার সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে এবং নির্ধারিত উদ্দেশ্য অর্জিত হয়েছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। তখন থেকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে। এই যুদ্ধে ইউক্রেনের খেরসন, ঝাপোরঝিয়া এবং দনবাস প্রদেশের লুহানস্ক ও দোনেৎস্ক এলাকা দখল করেছে রুশ বাহিনী।
এর আগে ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর ক্রিমিয়াতে নামমাত্র গণভোটের মাধ্যমে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া।
সূত্র: জাগো নিউজ
রাশিয়া, ইউক্রেন, যুদ্ধ, সেনা নিহত, আন্তর্জাতিক