২২ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

সিকৃবিতে ‘জুলাই ৩৬ বুক কর্নার’ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৫ ৭:০২ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই ৩৬ বুক কর্নার’ উদ্বোধন করা হয়েছে। জাতীয় দিবস উদযাপন কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় এ কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। ইতিহাস সাক্ষ্য দেয়, অন্যায়, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতা তাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে বারবার বিজয় অর্জন করেছে। সেই সংগ্রামী চেতনা আমাদের আজও প্রেরণা দেয়। আমার দৃঢ় বিশ্বাস, ‘জুলাই ৩৬ বুক কর্নার’ তারই একটি স্থায়ী নিদর্শন হয়ে থাকবে। এই কর্নার শুধু একটি পাঠাগারিক স্থান নয়, এটি হবে আমাদের ঐতিহাসিক চেতনা চর্চার কেন্দ্রবিন্দু। আমাদেরকে ৭১-এর চেতনা ধারণ করার পাশাপাশি জুলাই ২৪-এর অভ্যুত্থানকে লালন করতে হবে।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে ২,০০০-এর অধিক ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন এবং ১,৪০০ জনের বেশি মানুষ আহত হন। সেবার ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে জাতির সর্বস্তরে যে ঐক্য গড়ে উঠেছিল, এই কর্নার উদ্বোধনের মধ্য দিয়ে আমরা সেই ঐক্যের ধারাবাহিকতা রক্ষা করতে পারবো। একটি মননশীল ও দায়িত্বশীল সমাজ গঠনে এটি সহায়ক হবে। জুলাই-আগস্টে যে আত্মত্যাগের ইতিহাস সৃষ্টি হয়েছে, তা শুধু স্মৃতির পাতায় নয়, গবেষণার আলোয় আলোকিত হয়ে বর্তমান, ভবিষ্যৎ ও অনাগত প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ইতিহাসে পরিণত হবে। ‘জুলাই ৩৬ বুক কর্নার’ সে লক্ষেই আমাদের এক বিনম্র প্রয়াস।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী এবং প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা “জুলাই ৩৬ বুক কর্নার” ঘুরে দেখেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি জুলাই ৩৬, গণঅভ্যুত্থান স্মরণ, বুক কর্নার উদ্বোধন, ছাত্র আন্দোলনের ইতিহাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ