০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

কুলাউড়ার সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত থেকে তিন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৮ জুলাই) ভোরে উপজেলার হরিপুর গ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের সাইদুর রহমান (২৬), সোহাগ মিয়া (২৮) ও সিপার মিয়া (২২) সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের আটক করে নিয়ে যায়।

সীমান্ত এলাকার সঞ্জবপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, যুবকদের ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাঁদের পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন। তবে কেন তাঁদের আটক করা হয়েছে কিংবা বর্তমানে তাঁরা কোথায় রয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ আল মামুন বলেন, ‘ঘটনার বিষয়টি জানার পর আমরা স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি। এখনো স্পষ্ট করে জানা যায়নি, ঠিক কী কারণে ওই তিন যুবককে আটক করা হয়েছে।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। বর্তমানে বিজিবি বিষয়টি দেখছে। পরিবারগুলো চাইলে জিডি করতে পারে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, সিলেট, কুলাউড়া, সীমান্ত, বিএসএফ, বিজিবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ