০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

জগন্নাথপুরে ভোরবেলায় ফার্নিচার দোকানে চুরি

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ডাকবাংলা রোডে ফের চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) ভোর পাঁচটার দিকে ‘লতিফিয়া ফার্নিচার’ নামে একটি দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে টমটম গাড়ি ও মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।

দোকান মালিক আব্দুল সাজিদ জানান, 'ভোর ৫টার দিকে খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানের শাটার ভাঙা, মালামাল নেই, টমটম গাড়িটাও নিয়ে গেছে। প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি।'

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, 'পাহারাদারদের ঘুমানোর জন্যই কি আমরা বেতন দিই?'

এলাকাবাসী জানান, রাস্তায় কোনো সড়কবাতি নেই, অথচ এ রাস্তায় রাতভর পাহারাদার থাকে। তার পরও চুরি হচ্ছে প্রতিনিয়ত। এক বাসিন্দা বলেন, 'প্রায় প্রতিদিনই শহরের কোথাও না কোথাও চুরি হচ্ছে। দিনরাত যখন-তখন চুরি হচ্ছে, অথচ কাউকে ধরা যাচ্ছে না এটাই সবচেয়ে ভয়ংকর ব্যাপার।'

ডাকবাংলা রোডের একাধিক ব্যবসায়ী জানান, 'আমরা সবাই মিলে পাহারাদারকে বেতন দিই, কিন্তু প্রায়ই দেখি সে ঘুমিয়ে পড়ে। যদি ঘুমাতে হয়, তাহলে পাহারার কাজ ছেড়ে বাড়ি চলে যাক।'

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল ইমতিয়াজ বলেন, 'চুরির বিষয়ে আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

চুরি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ