০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

মাধবপুরে ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৫ ১:০৭ অপরাহ্ন


হবিগঞ্জের মাধবপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ইউপি সদস্যের ভাই হবিগঞ্জ বিচারিক আদালতে একটি মামলা করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাতে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের ইউপি সদস্য সোহাগ মিয়ার বাড়িতে হামলা করে লুটপাট চালায় বহরা ইউনিয়নের রাজাপুর ও মনতলা স্টেশন এলাকার কয়েক শতাধিক লোক।

ঘটনার সময় ইউপি সদস্য সোহাগ মিয়া ও তার পরিবারের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণ, ফার্নিচার, গরু, ফ্রিজ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এই ঘটনায় ইউপি সদস্য সোহাগ মিয়ার ভাই কামরুজ্জামান সবুজ বাদী হয়ে গত রোববার হবিগঞ্জ বিচারিক আদালতে মামলা করেন।

ইউপি সদস্য সোহাগ মিয়া জানান, তার ভাই তোফাজ্জল হোসেনের স্ত্রী কামরুন্নাহার ৩ জুলাই পরিবারের অগোচরে ঘরের ভিতর ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই খবর পেয়ে তোফাজ্জল হোসেনের শ্বশুরবাড়ির লোকজন ট্রাক, মিনি ট্রাকসহ শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় এবং ঘরে রাখা স্বর্ণ, নগদ টাকা, ফার্নিচার, গরু, ফ্রিজ, টিভিসহ ফ্রিজের ভেতরের জিনিসপত্র ও বাচ্চাদের বই-পত্রও লুট করে নেয়।

তিনি আরও জানান, আঘাতের মাত্রা এমন যে, চেয়ার, টেবিল, বই ও খাতা নিয়ে যাওয়ায় তিনজন শিক্ষার্থী তাদের বিদ্যালয়ে পরীক্ষা দিতে পারেননি। হামলাকারিদের ভয়ে কেউ বাধা দিতে সাহস পাননি। কয়েকজন হামলার ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে সেখানে গিয়েছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ইউপি সদস্যের বাড়িতে হামলা চালিয়ে জিনিসপত্র লুট হওয়া ঘটনা দুঃখজনক।

মাধবপুর থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, মাধবপুর, ইউপি সদস‍্য, হামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ