এসএসসিতে সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১২,৭৯৮ জন
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ আজ বৃহস্পতিবার (১০ জলাই)। এদিন বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে সিলেট শিক্ষাবোর্ড। একই সময়ে বোর্ডের ওয়েবসাইট ও স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানা যাবে।
এদিকে, ফলাফল প্রকাশের সকল প্রস্তুতি নিয়েছে সিলেট শিক্ষাবোর্ড। আজ বেলা ২টায় বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কর্তৃপক্ষ।
এবছর সিলেট বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩ হাজার ১জন শিক্ষার্থী। এরমধ্যে ৪২ হাজার ১০৮জন ছেলে ও ৬০ হাজার ৮৯৩ জন মেয়ে।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৮৮২ জন পরীক্ষায় অংশ নিয়েছে। তার মধ্যে ছেলে ৯ হাজার ৬৮০ জন ও মেয়ে ১৪ হাজার ২০২ জন।
মানবিক বিভাগ থেকে সবচেয়ে বেশি ৭১ হাজার ৬৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ছেলে ২৮ হাজার ৭০৭ জন ও মেয়ে ৪২ হাজার ৯২৩ জন।
তাছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবছর ৭ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তার মধ্যে ৩ হাজার ৭২১ জন ছেলে ও ৩ হাজার ৭৬৮ জন মেয়ে।
এবছর মোট পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী সিলেট জেলায়। এ জেলায় পরীক্ষার্থী ছিল ৪১ হাজার ৪৮ জন। তাছাড়া সুনামগঞ্জ জেলায় ২১ হাজার ৪১৩ জন, মৌলভীবাজার জেলায় ২২ হাজার ২৫৭ জন এবং হবিগঞ্জ জেলায় ১৮ হাজার ২৮৩ জন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর তিনভাবে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। প্রথমত, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট কর্নারে ক্লিক করে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানতে পারবেন।
দ্বিতীয়ত, তারা নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
তৃতীয়ত, ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে লিখতে হবে এসএসসি> বোর্ডের প্রথম তিন অক্ষর> রোল নম্বর> পরীক্ষার সাল। এরপর তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ-ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে লিখতে হবে SSC> DHA> Roll Number>2025। এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এসএসসি, ফলাফল, সিলেট, শিক্ষাবোর্ড, সমমান