০৩ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

মাদক-চোরাচালানবিরোধী অভিযানে আটক ও গ্রেপ্তার বহু

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর সিলেটে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

দেবকল্যাণ ধর বাপন

প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন

ছবিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি

সিলেটে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর নগর, জেলা ও বিভাগের বিভিন্ন এলাকায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি অপরাধীদের তথ্য সংগ্রহ, গোয়েন্দা নজরদারি ও প্রতিরোধমূলক তৎপরতা বাড়ানো হয়েছে।


এরই ধারাবাহিকতায় গত দুইদিনে সিলেটের বিভিন্ন উপজেলা ও সীমান্তবর্তী এলাকায় একের পর এক অভিযান চালিয়েছে পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসন। এসব অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ আটজনকে আটক, ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার, ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে আটক এবং ভারতীয় চোরাইপণ্য ও পশু জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কয়েকজনকে জরিমানা এবং বালু উত্তোলনে ব্যবহৃত নৌকা ধ্বংস করা হয়েছে।


সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৮
সিলেটের জৈন্তাপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ আট বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে ঘিলাতৈল-ফুলবাড়ি ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩), যশোরের আহাদ শেখ (৩১) ও তার স্ত্রী রেশমা পারভীন (৩৪)। অন্যরা হলেন নড়াইলের রিনা খাতুন (৩৮), চুমকি খাতুন (৩০), তার ছেলে নূর মোহাম্মদ (১২) এবং মিনা খাতুন (২৫)।


পুলিশ জানিয়েছে, তাদের কারও কাছেই সীমান্ত পার হওয়ার বৈধ কাগজপত্র ছিল না। এ ঘটনায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।


বিয়ানীবাজারে ৬ হাজার ইয়াবা উদ্ধার
বিয়ানীবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার ইয়াবা বড়িসহ সজল বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


 বুধবার সকাল নয়টার দিকে চারখাই কচকটখা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, সজল বিশ্বাসের লুঙ্গির কোমরের ভাঁজ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


বিশ্বনাথে ইয়াবাসহ গ্রেপ্তার ২
বিশ্বনাথের মির্জারগাঁও এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১৮৯টি ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মংলা মিয়া (৫৬) ও সৈয়দ মিয়া (৪৫)।


পুলিশ জানিয়েছে, মংলা মিয়ার কাছ থেকে ১০০টি এবং সৈয়দ মিয়ার কাছ থেকে ৮৯টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


গোলাপগঞ্জে মিছিলের প্রস্তুতির অভিযোগে আটক ৫
গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে লক্ষ্মণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সেখানে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাইপণ্য ও পশু জব্দ
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ৬৬ লাখ ৮ হাজার ৬৯০ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য ও পশু জব্দ করেছে বিজিবি।


বুধবার বিজিবি-৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, সংগ্রাম, উৎমা, দমদমিয়া, পান্থুমাই, প্রতাপপুর, তামাবিল ও সোনারহাট সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।


জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, কসমেটিকস, জিরা, সুপারি, বিভিন্ন ধরনের ফল, চকলেট, চিনি, সবজি, কম্বল, বিস্কুট, সনপাপড়ি ও টাইগার বাম। এর পাশাপাশি গরু ও মহিষও জব্দ করা হয়েছে।


জৈন্তাপুরে ১২ বারকি নৌকা বিনষ্ট
জৈন্তাপুরের রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে বালু তোলার কাজে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করা হয়।


 পরে নৌকাগুলো ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। বিজিবি ও পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।


প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে নিয়মিত নজরদারিও অব্যাহত থাকবে।


দোয়ারাবাজারে বালু উত্তোলনে জরিমানা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


 বুধবার বাংলাবাজার ইউনিয়নের বাঘমাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


 অভিযানের সময় বালু উত্তোলনের মূল হোতা হিসেবে অভিযুক্ত কুদ্দুস পালিয়ে যান।


জগন্নাথপুরে মাংসের দোকানকে জরিমানা
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে হাসপাতাল পয়েন্টের কসাইখানায় অভিযান চালানো হয়।


অভিযোগ, আঘাতপ্রাপ্ত একটি গরু প্রাণিসম্পদ কর্মকর্তার পরীক্ষা ও প্রত্যয়ন ছাড়াই জবাই করে বিক্রির জন্য আনা হয়েছিল। পরীক্ষায় মাংসের মান যথাযথ পাওয়া গেলেও আইন না মেনে গরু জবাই ও কেনার দায়ে মেসার্স ভাই ভাই গোস্তের দোকানকে জরিমানা করা হয়।


পাশাপাশি ভবিষ্যতে আইন ও সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।


চুনারুঘাটে ইয়াবা সেবনে কারাদণ্ড, সিলগালা ৭ করাতকল
হবিগঞ্জের চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে লিটন মিয়া (২০) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে বিলপাড় এলাকায় ইয়াবা সেবনের সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা জরিমানা করেন।


এর আগে শানখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় সাতটি করাতকল সিলগালা করা হয়। সেখান থেকে সংরক্ষিত বনের কাঠ ও বিভিন্ন যন্ত্রাংশও জব্দ করা হয়েছে।


মোগলাবাজার থানার ওসি প্রত্যাহার
অন্যদিকে সমালোচনা ও বিতর্কের মধ্যে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।


 মঙ্গলবার রাতে পুলিশ কমিশনার মো. সারোয়ার মূর্শেদ শামীমের স্বাক্ষর করা চিঠিতে এ আদেশ দেওয়া হয়। মনির হোসেনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।


পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রশাসনিক কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।


এক মাসের মধ্যে অগ্রগতি দেখতে চান স্বরাষ্ট্রমন্ত্রী
গত মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব নির্দেশ দেন।


তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও চোরাচালানিদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে এ উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি দেখাতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। সিলেট রেঞ্জ পুলিশ ও সিলেট মহানগর পুলিশকে পুলিশের ‘রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট’ নীতি কঠোরভাবে প্রয়োগের নির্দেশও দেওয়া হয়।


আন্দোলনের মামলায় যাচাইয়ের নির্দেশ
আইনশৃঙ্খলা সভায় বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে করা মামলাগুলো নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনেক মামলায় যথাযথ যাচাই ছাড়াই শত শত, এমনকি হাজারো ব্যক্তিকে আসামি করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত ভুক্তভোগীর পরিবারের বদলে অন্য ব্যক্তি মামলা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।


এসব মামলায় ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরপরাধ ও অযথা হয়রানির শিকার ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামির তালিকা থেকে বাদ দেওয়ার কথাও বলা হয়েছে। তবে প্রকৃত অপরাধী ও অপরাধের নির্দেশদাতারা যাতে কোনোভাবেই ছাড় না পায়, সে বিষয়েও সতর্ক করেছেন মন্ত্রী।


মব ঠেকাতেও কঠোর হওয়ার নির্দেশ
সিলেটে মব বা দলবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো দাবি আদায়ে সড়ক অবরোধ, প্রতিষ্ঠানে হামলা কিংবা ঘেরাওয়ের পরিবর্তে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে। এ ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই সহ্য করা হবে না।


পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক পুলিশি কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।


এদিকে সিলেটের সীমান্ত এলাকাকে ঘিরেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর কথা বলা হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক ও অস্ত্রের প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেটে সাঁড়াশি অভিযান, সিলেট বিভাগে আইনশৃঙ্খলা, মাদকবিরোধী অভিযান, সীমান্তে চোরাচালান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ