সিলেটে বসতঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
দৈনন্দিন
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন
সিলেট নগরের এয়ারপোর্ট থানার পশ্চিম পাঠানগাঁও এলাকায় নিজ বসতঘর থেকে জমির আলী (৪০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত জমির আলী পশ্চিম পাঠানগাঁও গ্রামের করম আলীর ছেলে।
পুলিশের ধারণা, ধারালো ছুরি দিয়ে নিজের গলা কেটে জমির আলী আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাতে জমির আলীর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন জানিয়েছেন, জমির আলী মানসিকভাবে অসুস্থ ছিলেন।
ওসি বলেন, ঘটনাস্থলের প্রাথমিক তথ্য ও পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, ছুরি দিয়ে গলা কেটে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
সিলেটে যুবকের মরদেহ, পশ্চিম পাঠানগাঁও, এয়ারপোর্ট থানা, জমির আলী, সিলেট মৃত্যু