০৪ সেপ্টেম্বর ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আটক ২

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৪ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


এ ঘটনায় ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও তার সহকারী রানা মিয়া (৩০) আটক হয়েছেন। দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ব্যাটারিচালিত ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক আব্দুল মান্নান ছিটকে পড়ে গুরুতর আহত হন।


দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য পায়েও গুরুতর আঘাত লাগে। প্রচুর রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে গুরুতর অবস্থায় পড়ে ছিলেন।


পরে খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।


নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সিন্দুরখান রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার তিন সন্তান রয়েছে।


সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ট্রাকের ধাক্কায় আহত ইজিবাইকচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হাইওয়ে থানা দুজনকে আটক করেছে। এখন পর্যন্ত শ্রীমঙ্গল থানায় কোনো মামলা হয়নি। নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের ধাক্কা, ইজিবাইকচালক নিহত, মৌলভীবাজার দুর্ঘটনা, সাতগাঁও হাইওয়ে থানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ