০৩ সেপ্টেম্বর ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন


সিলেট বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন আরও ১৩৪ জন। নতুন এই রোগীদের নিয়ে বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে সন্দেহজনক হাম আক্রান্ত ৪৪৯ জন চিকিৎসাধীন।


বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া শিশুটির বয়স ১ বছর ১ মাস। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটির বাড়ি সিলেটের টুকেরবাজার এলাকায়।


গত এক দিনে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫১ জন করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।


বর্তমানে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসাধীন আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৯ জন এবং ওসমানীতে ১৪৬ জন রয়েছেন।


এছাড়া পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।


স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছরের শুরু থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩১ জনের। এর মধ্যে সিলেটে ৩৬৩, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। 
হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।


সন্দেহজনক ও নিশ্চিত—দুই ধরনের হাম আক্রান্ত রোগীদের হিসাব মিলিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে ১৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে সিলেটে ৬২, হবিগঞ্জে ২১, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেটে হাম, সন্দেহজনক হাম, হাম আক্রান্ত, সিলেট স্বাস্থ্য বিভাগ, হাম মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ