
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।
নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন, জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৩২), তাঁর স্ত্রী উসুফা বেগম (৩০) ও মেয়ে আয়সা আক্তার(৫)। এ ছাড়া নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালক ওসমানীনগর উপজেলার শেরপুর মাঝেরবাড়ী গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৩)।
পুলিশ জানায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে চালকসহ অটোরিকশার সাত যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
নিহত নিয়ামত আলীর মামা আব্দুল আওয়াল গণমাধ্যমকে বলেন, আমার ভাগনা মারা গেছে। ভাগনার বউ ও ভাগনার মেয়ে তিনজন মারা গেছে। একই পরিবারের পাঁচজন গাড়িতে ছিল। তাঁদের মধ্যে তিনজন মারা গেছে। জীবিত আছে ভাগনার ঘরের নাতি-নাতনি একজনের বয়স চার-পাঁচ বছর।
তিনি জানান, নিহতদের অভিভাবকরা, মা-বাবা ও ভাইসহ স্বজনরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সড়ক দুর্ঘটনা, ওসমানীনগর, নিহত, সিএনজি অটোরিকশা, ট্যাংক লরি, সিলেট-ঢাকা মহাসড়ক

