১৯ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী-শাড়ি জব্দ

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ১:৩৪ অপরাহ্ন


হবিগঞ্জের চুনারুঘাটে বালুভর্তি একটি ডাম্প ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে উপজেলার চণ্ডীছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।


হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


বিজিবি সূত্রে জানা গেছে, ডাম্প ট্রাকে করে ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের তথ্য আগে থেকেই তাদের কাছে ছিল। ওই তথ্যের ভিত্তিতে চণ্ডীছড়া চা বাগান এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিজিবির একটি দল।


মঙ্গলবার ভোর চারটার দিকে চেকপোস্টের কাছাকাছি আসার পর ট্রাকটির চালক ও সঙ্গে থাকা ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পান। পরে তারা ট্রাকটি সড়কের পাশে ফেলে পালিয়ে যান।


পরে বিজিবির সদস্যরা ডাম্প ট্রাকটিতে তল্লাশি চালান। এ সময় ট্রাকে থাকা বালুর ভেতরে বস্তায় অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ পাওয়া যায়। পরে এসব পণ্য এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।


বিজিবি জানিয়েছে, জব্দ করা ভারতীয় পণ্যগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জে ভারতীয় পণ্য জব্দ, বালুর ট্রাক, ভারতীয় শাড়ি, প্রসাধনী, বিজিবি অভিযান, চুনারুঘাট, চোরাচালান, ৫৫ বিজিবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ