১৮ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

হবিগঞ্জে ব্যাংক-বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য আটক, ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির সহায়তায় ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় তাদের কাছ থেকে চারটি মুঠোফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


আটক ব্যক্তিরা হলেন নীলফামারীর সৈয়দপুর থানার বেলপুকুর শাহপাড়া এলাকার দুলাল শাহের ছেলে মো. নাইম শাহ (২৩), হাজারীহাট শাহপাড়া এলাকার বাবুর ছেলে মো. সাগর ইসলাম (২৫) এবং একই এলাকার জিন্নাতের ছেলে মো. বাবু ইসলাম (৪৫)।


সম্প্রতি হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় ব্যাংক ও বিকাশ প্রতারণা প্রতিরোধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।


পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ছবি ও ভুয়া কানাডিয়ান মুঠোফোন নম্বর ব্যবহার করে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। পরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হতো।


পুলিশ জানায়, এর আগে নবীগঞ্জ থানার আব্দা এলাকার মোবাশ্বির বখত চৌধুরী (৩৭)-এর মুঠোফোনে থাকা ব্যাংকিং অ্যাপ ও ই-মেইলের নিয়ন্ত্রণ নেয় প্রতারকেরা। পরে প্রতারণার মাধ্যমে অনলাইনে বিকাশ ও বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে ই-ট্রানজেকশনের মাধ্যমে তাঁর কাছ থেকে মোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করা হয়। এর মধ্যে অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।


এ ঘটনায় ভুক্তভোগী হবিগঞ্জ সদর মডেল থানায় প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা করেন। গত ১২ আগস্ট দায়ের করা মামলাটি হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নম্বর ০৮। এতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে।


আটক তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

প্রতারণা চক্র, ব্যাংক প্রতারণা, বিকাশ প্রতারণা, সাইবার ক্রাইম মনিটরিং সেল, হবিগঞ্জ পুলিশ, টাকা উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ