১৮ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন আটক

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।


সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে শ্রীমঙ্গল থানার বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন একটি গলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাররা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া (২৮) ও সিন্দুরখাঁন রোড এলাকার রাসেল আহমেদ (৩০)।


পুলিশ জানায়, রাত্রিকালীন কিলো ডিউটির সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন ব্যক্তি বিরাহিমপুরের জোড়াপুল সংলগ্ন গলিতে এসে আরও কয়েকজন সহযোগীর সঙ্গে মিলিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটির সামনে ব্যারিকেড দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইরে থাকা ৩-৪ জন সহযোগী পালিয়ে গেলেও গাড়ির ভেতর থাকা চারজনকে আটক করা হয়।


পরে তাদের দেহ তল্লাশি করে একটি সুইস গিয়ার চাকু, কাঠের হাতলযুক্ত একটি ধারালো চাকু, একটি লোহার শাবল, একটি স্টার স্ক্রু-ড্রাইভার ও একটি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের কালো রঙের একটি টয়োটা এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়েছে।


পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রাসেল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ পাঁচটি, জুয়েল মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী-শিশু নির্যাতন আইনে পাঁচটি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে।


শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা একটি আন্তঃজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।


তিনি বলেন, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ডাকাতি, অস্ত্র, গ্রেপ্তার, শ্রীমঙ্গল থানা, আন্তঃজেলা ডাকাতচক্র, মৌলভীবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ