১৮ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা, নদ-নদীর পানি বৃদ্ধির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৬ ১২:৩১ অপরাহ্ন


মৌসুমি নিম্নচাপের প্রভাবে সিলেট বিভাগে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে সিলেট ও তৎসংলগ্ন উজান এলাকায় ভারী বৃষ্টিপাত হলে বিভাগের নদ-নদীর পানি আবারও বাড়তে পারে। এতে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।


আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা বলা হয়েছে। এর মধ্যে সিলেটসহ কয়েকটি বিভাগে ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। আগামী বুধবারও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এরপর ২১ ও ২২ আগস্টও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।


পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিন সিলেট বিভাগের পাশাপাশি দেশের আরও কয়েকটি বিভাগ ও তৎসংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। ফলে সিলেট বিভাগের নদ-নদীর পানি পরিস্থিতির ওপরও এর প্রভাব পড়তে পারে।


সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট অঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমলেও ফেঞ্চুগঞ্জ ও মারকুলি এলাকায় কিছু নদীর পানি সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে। ফলে উজানে ভারী বৃষ্টি হলে নদীর পানি দ্রুত বাড়ার ঝুঁকি রয়েছে।


অন্যদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সাঙ্গু, মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি সতর্কসীমায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও এর আশপাশে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দুর্বল হয়ে পড়তে পারে। তবে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় আছে।


এ অবস্থায় সিলেট অঞ্চলে টানা বৃষ্টির পাশাপাশি উজানের ঢল নামলে নদ-নদীর পানি পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাই নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেটের বৃষ্টি, সিলেটে ভারী বৃষ্টি, সিলেট আবহাওয়া, সিলেটের নদ-নদী, নদীর পানি বৃদ্ধি, সুরমা নদী, কুশিয়ারা নদী, ফেঞ্চুগঞ্জ, মারকুলি, সিলেট বন্যা, উজানের ঢল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ