১৮ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

হবিগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি রাসেল মিয়া (২৭) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোক্তাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, দুজনকেই সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও জানিয়েছে পুলিশ।


চুনারুঘাট থানার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার আইতন-সৈয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি দল ওই অভিযান চালায়।


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রাসেল মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


অন্যদিকে, গতকাল রাত আটটার দিকে চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকায় নিজের বাসা থেকে মোক্তাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


পুলিশের জানায়, গত ১৫ আগস্ট রাতে উপজেলার একটি চা-বাগানে ব্যানার টাঙিয়ে মোক্তাদির চৌধুরী বক্তব্য দেন। এ বিষয়ে তথ্য পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার-প্রচারণা বর্তমানে আইনত নিষিদ্ধ।


ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মোক্তাদির চৌধুরীর কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

চুনারুঘাট, হবিগঞ্জ, রাসেল মিয়া, মোক্তাদির চৌধুরী, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ, গ্রেপ্তার, চুনারুঘাট থানা, সন্ত্রাসবিরোধী আইন, হবিগঞ্জের খবর, চুনারুঘাটের খবর, আইনশৃঙ্খলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ