১৭ আগস্ট ২০২৬

দেশজুড়ে

আমিরাতে ভিসা সংকট দ্রুত সমাধানে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন


সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল এবং বিভিন্ন ধরনের ভিসা চালুর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দ্রুত নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, এ বিষয়ে যৌথ কূটনীতি ও সর্বোচ্চ সরকারি পর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে।


সোমবার (১৭ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাইয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিলের বিষয়টি সরকারের নজরে এসেছে। ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ নেওয়া হবে।


তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দূতাবাস ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি দিয়ে ভিসা বাতিল হওয়া প্রবাসীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি বাতিল হওয়া ভিসাধারীদের একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কাজ চলছে।


২০২৪ সালের জুলাইয়ের পর থেকে সংযুক্ত আরব আমিরাতে ফ্যামিলি, স্টুডেন্ট, ট্যুরিস্ট ও এমপ্লয়মেন্ট ভিসা এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা স্থানান্তরের ক্ষেত্রে কড়াকড়ি ও স্থবিরতার বিষয়েও সরকার অবগত বলে জানান আরিফুল হক চৌধুরী।


মন্ত্রী বলেন, যৌথ কূটনীতি ও সর্বোচ্চ সরকারি পর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে এই ভিসা সংকট দ্রুত নিরসনে মন্ত্রণালয় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে দুবাই সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সিআইপি ব্যবসায়ীদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে ভিসা জটিলতা নিরসনে সম্পূরক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


সভায় প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য জমি, প্লট বা অবকাঠামো বরাদ্দে বিশেষ কোটা এবং কর ছাড়ের সুবিধা দেওয়ার উদ্যোগ থাকবে।


এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরে ফাইলিং ও প্রশাসনিক জটিলতা কমাতে ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুত ও ডিজিটাল সেবা নিশ্চিত করার কথা জানান তিনি।


প্রবাসীদের অবদান তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে সিআইপি প্রবাসী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


রেমিট্যান্স প্রসঙ্গে মন্ত্রী বলেন, হুন্ডি প্রতিরোধে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠাতে সিআইপি ব্যবসায়ীদের অধীন কর্মরত প্রবাসীদের উদ্বুদ্ধ করতে হবে জানিয়ে তিনি জানান, অতি দ্রুত সর্বজনীন ও স্বচ্ছ ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের সাশ্রয়ী ও অগ্রাধিকারভিত্তিক চিকিৎসার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানোর সুবিধা নিশ্চিত করার কথা জানান তিনি।


প্রবাসীদের যাতায়াতের ক্ষেত্রে টিকিট সিন্ডিকেট ভেঙে যুক্তিসংগত বিমানভাড়া নিশ্চিত করার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। এজন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় আইন, রীতি ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে সাধারণ প্রবাসীদের সচেতন করার জন্য সিআইপি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান আরিফুল হক চৌধুরী।


তিনি বিশেষ করে সংবেদনশীল বিষয় বা বিশেষ পরিস্থিতিতে ছবি ও ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের মাধ্যমে নেতিবাচক প্রচার থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেন। অবৈধ কর্মকাণ্ড ও অপরাধমূলক আচরণ থেকে বিরত রাখতে কনস্যুলেট ও মিশনের সঙ্গে সমন্বয় করে সচেতনতামূলক প্রচার চালানোর কথাও বলেন তিনি।


সভায় বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাইয়ের প্রতিনিধিরা ভিসা চালুর উদ্যোগ জোরদার, বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, প্রবাসী কার্ড চালু, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা, দেশে সাশ্রয়ী চিকিৎসা, প্রবাসীদের সন্তানদের শিক্ষা, বিমানভাড়া কমানো, ড্রাই ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন এবং দেশে বিনিয়োগের মুনাফা বিদেশে নেওয়ার সুযোগসহ বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।


সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দেশজুড়ে থেকে আরো পড়ুন

প্রবাসী কল্যাণমন্ত্রী, আরিফুল হক চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত, আমিরাতে ভিসা সংকট, বাংলাদেশি প্রবাসী, ভিসা বাতিল, দুবাই, প্রবাসী বাংলাদেশি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কার্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ