১৭ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

মৌলভীবাজারে ৮ মাসে ৮৩০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন


মৌলভীবাজারের সীমান্ত এলাকায় চলতি বছরের প্রথম আট মাসে অভিযান চালিয়ে ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সংবাদ সম্মলনে এ তথ্য জানান ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।


তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।


বিজিবি অধিনায়ক বলেন, অভিযানে মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দের পাশাপাশি চারটি পিস্তল, ছয়টি এয়ারগান, পাঁচটি পাইপগান ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়।


ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে বিজিবি।


লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান ও অস্ত্র-গোলাবারুদ পাচার প্রতিরোধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

চোরাই পণ্য, মাদক, অস্ত্র, বিস্ফোরক, বিজিবি, সীমান্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ