১৫ আগস্ট ২০২৬

ধর্ম / ইসলাম

শাহজালাল (রহ.) মাজারে দানের টাকার সঙ্গে মিলল শেখ হাসিনার প্রত্যাবর্তন কামনার চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৬ ৬:০৫ অপরাহ্ন


সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে তৃতীয়বারের মতো দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় একটি চিঠি পাওয়া গেছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হায়াত কামনা করা হয়েছে। চিঠিতে জুলাইয়ের ষড়যন্ত্রমূলক মামলা থেকে শেখ হাসিনাকে এবং দেশে মিথ্যা হত্যা মামলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেফাজতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) সকালে মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। চিঠির লেখক হিসেবে সিলেটের আওয়ামী লীগ সমর্থক ‘সজিব’ নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে, যিনি নিজেকে গাজীপুর জেলার বাসিন্দা বলে উল্লেখ করেছেন।


চিঠিতে লেখা হয়, ‌‘হে আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান। তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের গরীব দুঃখী মমতাময়ী মা বার বার নির্বাচিত সরকার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বার বার মৃত্যুর মুখ থেকে বাচিয়েছেন। হে আল্লাহ- তুমি মহান! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন সুস্থ্য কামনা করছি। প্রত্যাবর্তন ২, শেখ হাসিনা ডিসেম্বর - ২০২৬ ইং। জুলাই ষড়যন্ত্র মামলা থেকে প্রিয় নেত্রীকে হেফাজত করুন। দেশে মিথ্যা হত্যা মামলা থেকে আওয়ামীলীগ এর নেতা কর্মীদের হেফাজত করুন।’


চিঠির শেষে ঠিকানা হিসেবে লেখা ছিল ‘গাজীপুর জেলা’ এবং স্বাক্ষরকারীর পরিচয় হিসেবে লেখা ছিল ‘সজিব, সিলেট আওয়ামীলীগ সমর্থক’।


এদিকে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা তৃতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হচ্ছে। শনিবার সকাল ১০টার দিকে দানবাক্স ও দানের ডেগগুলোর সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় টাকা গণনা।


জানা যায়, অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। বিপুল পরিমাণ টাকা থাকায় গণনা শেষ হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


প্রসঙ্গত, এর আগেও সিলেটের শাহজালাল (রহ.) মাজারের টাকা দুইবার গণনা করা হয়। গত ২২ জুন ও ১১ জুলাই প্রকাশ্যে দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হয়েছিল, এবং ওই সময় দানের টাকাগুলো মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। সর্বশেষ গণনার ৩৪ দিন পর এবার আবারও দানবাক্স খোলা হলো।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

শাহজালাল মাজার, দানবাক্স, টাকা গণনা, শেখ হাসিনা, আওয়ামী লীগ, রাজনৈতিক চিঠি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ