সাড়ে ৩৫ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সিলেট, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমে পুড়ছে সিলেট। বুধবার (১২ আগস্ট) সিলেটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এর মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সিলেট অঞ্চলের কিছু কিছু স্থানে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
বুধবার (১২ আগস্ট) সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এদিকে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেটে ৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত হয়নি।
সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইন জানান, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।
তাপমাত্রা, বৃষ্টি, আবহাওয়া, সিলেট, প্রচণ্ড গরম, পূর্বাভাস