
সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামে নিজের দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন পিতা কামরুল ইসলাম। বুধবার (১২ আগস্ট) সকালে পুলিশি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি এই দায় স্বীকার করেন বলে জানিয়েছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট দুই সন্তানকে সঙ্গে নিয়ে নিখোঁজ হন কামরুল ইসলাম। পরদিন তিনি একা বাড়িতে ফিরে এলেও তার সঙ্গে সন্তান দুটিকে পাওয়া যায়নি। এরপর থেকেই তাদের খোঁজে উদ্বিগ্ন ছিলেন স্বজনরা।
নিখোঁজের কয়েকদিনের মাথায় পরপর দুই দিন দুটি হাওর এলাকায় ভেসে ওঠে অজ্ঞাতপরিচয় দুই শিশুর মরদেহ। গত মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় একটি মরদেহ এবং বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় আরেকটি মরদেহ দেখা যায় হাওরে। মরদেহ দুটি নিখোঁজ কামরুলের দুই সন্তানের বলে ধারণা করছে পুলিশ।
এই ঘটনার সূত্র ধরে বুধবার কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কামরুল দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে সুনামগঞ্জে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। হত্যার নেপথ্যের কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
শেয়ার করুনঃ
অপরাধ-বিচার থেকে আরো পড়ুন
দিরাই, হত্যা, পিতা, সন্তান, পুলিশ, জিজ্ঞাসাবাদ

